Breaking News

সরকারের একার পক্ষে সম্ভব নয়, প্রয়োজন জাতীয় ঐক্য: ভিপি নুর

ঢাকা, ০১ এপ্রিল - সরকারের একার পক্ষে করোনাভাইরাস সংকট মোকাবেলা অসম্ভব মন্তব্য করে এ সংক্রমণ প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নূর। মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান ভিপি নূর। তিনি বলেন, করোনাভাইরাসকে অনেক আগেই মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এটি এখন একটি বৈশ্বিক বিপর্যয়। চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, জার্মানির মতো উন্নত দেশ এ মহামারীর তাণ্ডবে লণ্ডভণ্ড। এ সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে তারা। সেখানে বাংলাদেশের মতো ছোট্ট ও ঘনবসতিপূর্ণ একটি দেশে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গঠন ছাড়া সরকারের একার পক্ষে এ সংকট মোকাবেলা অসম্ভব। লকডাউন বিষয়ে ডাকসু ভিপি বলেন, লকডাউনের কারণে বিভিন্ন দেশে চিকিৎসা সরঞ্জাম ও খাদ্য সংকট দেখা দিয়েছে। বাংলাদেশেও এক প্রকার অঘোষিত লকডাউন চলছে। এ অবস্থায় নিম্নআয়ের মানুষ মারাত্মক সংকটে পড়েছে। এসব হতদরিদ্রদের জন্য এই সংকটময় সময়ে এগিয়ে আসতে হবে। যার যার জায়গা থেকে এগিয়ে আসলে হয়তো খুব সহজেই এ সংকটের সমাধান সম্ভব। এক্ষেত্রে সরকার নিজেই উদ্যোগী হয়ে বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন ও রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করতে পারে। এবং একটি সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এই পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারে। তিনি বলেন, ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন এগিয়ে এসেছে, তারা কাজও করছে। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দেশের বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে, সচেতনতামূলক লিফলেট, মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। এখন বিভিন্ন এলাকায় নিম্নআয়ের মানুষের মধ্যে চাল, ডাল, আলু, পিয়াজ ও তেলের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণে কাজ করছি। আমাদের নয়টি টিম এ কাজে যুক্ত হয়েছে। ঢাকার বাইরেও আমরা কাজে নেমেছি। কিন্তু পর্যাপ্ত অর্থের অভাবে সারা দেশে বিশাল ভলান্টিয়ার থাকা সত্ত্বেও ঠিকভাবে কাজ করতে পারছি না। ভিপি নূর বলেন, আমাদের এ উদ্যোগে সবাইকে পাশে চাই। যে কেউ চাল, ডাল, আলু, পিয়াজ, সাবান কিংবা নগদ অর্থ দিতে পারেন। আমরা অসহায় মানুষের কাছে তা পৌঁছে দেব। সূত্র : যুগান্তর এন এইচ, ০১ এপ্রিল

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3dJNuQm
via IFTTT

No comments